স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব বিবরণী ১ সেপ্টেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন মন্ত্রণালয়ের স্মারকমূলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত সব বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশে অবস্থিত সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, সে লক্ষ্যে সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশের সম্পদের হিসাব বিবরণী আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত ফরম অনুযায়ী রেজিস্ট্রার জেনারেলের দফতরে দাখিল করার জন্য প্রধান বিচারপতি অভিপ্রায় ব্যক্ত করেছেন।
এ অবস্থায় সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা এবং তাদের পরিবারের সদস্যদের (স্বামী/স্ত্রী, পুত্র ও কন্যা) দেশে ও বিদেশের সম্পদের হিসাব বিবরণী আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সংযুক্ত ফরম অনুযায়ী রেজিস্ট্রার জেনারেলের দফতরে দাখিল করার জন্য সুপ্রিম কোর্টে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হলো মর্মে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।