বন্যার্তদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে র্যাবের পক্ষ থেকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। শনিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাবের মিডিয়া উইং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েক দিনের ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণে ডুবে গেছে ফেনী জেলার অধিকাংশ এলাকার বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ওই অঞ্চলে সৃষ্ট প্রাকৃতিক বন্যায় বিপর্যস্ত লাখ লাখ পানিবন্দি মানুষ। বানভাসী এসব মানুষ অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। অনেকে নিজের শেষ সম্বল ও মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে দিশেহারা।
তাই বন্যার্তদের সহায়তায় দুই হাজার প্যাকেট ত্রাণসামাগ্রী চিড়া, মুড়ি, গুড়া দুধ, মোমবাতি, এনার্জি বিস্কুট, পাটি, লাইটার, চিনি, খেজুর, মশার কয়েল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ছাত্র-জনতার কাছে দেওয়া হয়েছে।
এছাড়াও চলমান বন্যা পরিস্থিতির শুরু থেকেই র্যাবের পক্ষ থেকে বন্যার্তদের শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ টেবলেট, খাবার সেলাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। শুক্রবার (২৩ আগস্ট) ফেনীর বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবার পাশাপাশি ফেনীর পশুরাম সীমান্তবর্তী এলাকা থেকে র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে একজন গর্ভবতী নারী ও দুই জন নবজাতককে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নারী, শিশু ও বৃদ্ধসহ বন্যা দুর্গত এলাকা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা পানিবন্দিদের র্যাবের হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে।
বন্যার্তদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ ও চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি র্যাবে কর্মরত সব পদবীর সদস্যের এক দিনের বেতনের সমপরিমান অর্থ বন্যার্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। দেশের সব এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, প্রয়োজনীয় ওষুধ, উদ্ধার কার্যক্রমসহ যেকোনও মানবিক সহায়তা অব্যাহত রাখবে র্যাব।