যাত্রাবাড়ীর শনিরআখড়ায় টিসিবির পণ্য বিক্রেতা মো. ইউসুফ সানোয়ার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
রবিবার (২৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিহতের শ্যালক মামুনুর রশীদ মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে যাত্রাবাড়ী থানার পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার উল্লেখ্যযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন– আইনমন্ত্রী আনিসুল হক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লার লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলী।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, কোটা আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুর্ঘটনায় ইউসুফ সানোয়ারের ছোট ভাইয়ের হাত কেটে যায়। ইউসুফ তার ভাইকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। চিকিৎসা শেষে ওই দিন সাড়ে ১১টার দিকে শনিরআখড়া বাসস্ট্যান্ডে আসেন।
সেখানে আগে থেকে অবস্থান করা কুমিল্লা জেলা আওয়ামী লীগের কর্মী ও লাকসাম থানার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যরা তাকে ধাওয়া করে। বিএনপির সদস্য বলে পুলিশকে জানায় এবং গুলি করতে বলে। পুলিশ ও আওয়ামী লীগের সদস্যরা এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হন ইউসুফ। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।