কেরানীগঞ্জে শোরুম কর্মচারী হত্যা: শেখ হাসিনাসহ ৯০ জনের নামে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কেরানীগঞ্জ লায়ন শোরুমের কর্মচারী নাদিমুল হাসান এলেনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৯০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামে আদালত নিহত এলেনের মা কিসমত আরা মামলাটির আবেদন করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি সূত্রাপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার উল্লেখযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, শেখ ফজলে নূর তাপস, শেখ ফজলে শামস পরশ, জুনায়েদ আহমেদ পলক, সাঈদ খোকন কাজী ফিরোজ রশীদ, অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, মাঈনুল হোসেন খান নিখিল, আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, সৈয়দ নুরুল ইসলাম, হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার।

এ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা নেতারা পিওএম থেকে নিযুক্ত পুলিশ সদস্যসহ আরও ১০০ থেকে ১৫০ জন।

জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সময় সূত্রাপুর থানাধীন কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের কাছে ওয়াসা পানির পাম্পে কাছে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের ছোড়া গুলিতে নাদিমুল হাসান এলেনের মৃত্যু হয়।