বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম (অব.)। একই সঙ্গে মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব ড. কবির মো. আশরাফ আলম।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রেড ক্রিসেন্ট সোসাইটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংগঠনটির চেয়ারম্যান ও মহাসচিবের দায়িত্ব পালন করবেন তারা।
চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম ১৯৭৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ২০১১ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসরে যান। কর্মজীবনে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (২০০৯-১০) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (২০১০-১১) হিসেবে দায়িত্ব পালন করেন।
মহাসচিবের দায়িত্ব পাওয়া ড. কবির মো. আশরাফ আলম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে প্রশাসন ক্যাডারে যোগ দেন। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ৩৩ বছরের কর্মজীবনে তিনি সরকারি খাতের প্রশাসন ও ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্র অতিক্রম করেন। তিনি বিশ্বব্যাংক, ইউএনডিপি, ইউনিসেফ, জাইকা, এসডিসি, সিআইডিএ এবং ড্যানিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির মতো অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করেছেন।