রাজধানীর সবুজবাগে একটি ফার্মেসির মেয়াদোত্তীর্ণ ওষুধ সেবন করে নাদিয়া খাতুন নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নন্দিপাড়া দক্ষিণগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (২ সেপ্টেম্বর) ভোর সকালে শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সিরাপ জব্দ করা হয়েছে। ঘটনার পর থেকে ওই ফার্মেসির মালিক পালিয়ে যান। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিহত শিশুর বাবা মো. নাসির বলেন, গত ৩১ আগস্ট আমার শিশু মেয়েটি একবার বমি করে। পরদিন রবিবার দুপুর ১২টার দিকে আবার বমি করে। শিশুর মা রিপা আমাকে ফোনে জানালে আমি তাকে নিয়ে বাড়ির পাশে একটি ফার্মেসিতে যাই। ফার্মেসির মালিক সমস্যা শুনে তিনটি সিরাপ দেয়। একটি বমির, একটি অ্যান্টিবায়োটিক ও একটি ভিটামিন সিরাপ। সিরাপের গায়ে লিখে দেয় তিনটা থেকে এক চামচ করে খাওয়াতে। তাহলেই নাকি ভালো হয়ে যাবে।
তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সময়ে ওই ফার্মেসি থেকে ওষুধপত্র কিনতাম। পরে আমার স্ত্রী দোকানির কথামতো মেয়েকে ওষুধ খাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে খিঁচুনি হয়ে সে নিস্তেজ হয়ে পড়ে। পরে ফার্মেসি হয়ে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক বলেন, শিশুটি আগেই মারা গেছে। পরে আমরা বাসায় গিয়ে দেখি কী ওষুধ খাওয়ানো হয়েছে। দেখি ভিটামিন সিরাপটির মেয়াদ ২৩ সালেই শেষ হয়ে গেছে। এ কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।
নিহত শিশু চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাগাঁও গ্রামের দিনমজুর মো. নাসিরের মেয়ে। তিনি সবুজবাগ নন্দিপাড়া দক্ষিণগাঁওয়ে পরিবার নিয়ে থাকেন।