হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

রাজধানীর হাজারীবাগে সিকদার মেডিক্যালের পাশে যাত্রী বেশে ছিনতাইকারীরা ব্যাটারিচালিতিএক অটোরিকশা (মিসুক) চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য  মর্গে রাখা হয়েছে।

আহত চালককে উদ্ধারকারী ঘটনাস্থলের পাশের বাসিন্দা মো. সুমন বলেন, সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে সিকদার মেডিক্যালের ডেন্টাল বিভাগের রাস্তায় খালি মাঠে ঘটনাটি ঘটে। তিনি বলেন, আমি হঠাৎ চিৎকার শুনতে পাই।

দূর থেকে দেখতে পাই, এক যুবককে কয়েকজন মিলে মাঠে ফেলে হত্যার চেষ্টা করে। তখন সে চিৎকার করছিল।

বিষয়টি দেখে আমিও চিৎকার শুরু করি, মানুষজন বের হতে শুরু করে,  এরইমধ্যে  ছিনতাইকারীরা তার কাছ থেকে যা পেয়েছে, তা নিয়ে অটোরিকশা ফেলে দ্রুত পালিয়ে যায়। হয়তো তারা তার অটোরিকশাটিও নিয়ে যেতে চেয়ে ছিল।  পরে আমরা কয়েকজন লোক এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করি। 

তিনি আরও বলেন, আহত অবস্থায় ওই চালক জানিয়েছিল, সে মিরপুর এলাকা থেকে যাত্রী নিয়ে আসছিল। সেই যাত্রীরাই তার এ অবস্থা করেছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ওই  এলাকায় রাস্তার লাইটগুলো দীর্ঘ দিন ধরে নষ্ট হয়ে আছে। সিসিটিভি ক্যামেরাও নেই। রাস্তারগুলোর দুরবস্থা। এলাকায় ঘনবসতি, নিম্নশ্রেণির লোকজনের বসবাস। তারা বলেন, প্রায়ই এ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে।

হাজারীবাগ থানার পুলিশ জানায়, তারা নিহতের পরিচয়  পাওয়ার চেষ্টা করছে। তারা তার ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে।