রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের পেটানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। কমিটির পক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর সংবাদ মাধ্যমে জানতে পারি, রাজধানীর শ্যামলী স্কযার এলাকায় নারীদের মারধর করে এক যুবক। মারধরের শিকার নারীদের ভাসমান যৌনকর্মী বলা হচ্ছে। একাধিক নারীকে তাড়া করে মারধর করা হয়। এমন ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করাও হচ্ছে। এই ঘটনায় সামাজিক প্রতিরোধে কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করছে।
এতে বলা হয়, যৌনকর্মীদের সঙ্গে এ ধরনের আচরণ মানবাধিকার লঙ্ঘন। আমাদের দেশের দন্ডবিধি ৩২৩ ও ৩২৫ ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে, কোনও ব্যক্তিকে স্বেচ্ছায় আঘাত করা একটি শাস্তিযোগ্য অপরাধ। সামাজিক প্রতিরোধ কমিটি অবিলম্বে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে তাকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছে। একইসঙ্গে সব যৌনকর্মীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছে।
সামাজিক প্রতিরোধ কমিটির মনে করে, যেকোনও অপরাধের বিচার হবে আইনের বিধান অনুযায়ী। এর ব্যতয় যিনি বা যারা ঘটাবেন তাদের আইনশৃঙ্খলা ভঙ্গের অপরাধের দায়ে বিচার হতে হবে। না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়বে।