রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে নাজমা আক্তার (৩৫) নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁও রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, নিহত নাজমা আক্তার ভিক্ষাবৃত্তি করতেন। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। ভিক্ষাবৃত্তি শেষে রাতে রিকশায় বাসায় ফেরার পথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কমলাপুরগামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। পরে মৃতের আত্মীয়-স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।