পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সেই কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধিকেও রাখা হয়েছে। ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা এক দফতর আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।
রবিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হরিজন সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে মিরনজল্লায় দুটি ১০ তলা ভবন এবং গণকটুলীতে দুটি ১০ তলা ভবন নির্মাণের জায়গা চিহ্নিত করাসহ প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দেওয়ার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগকে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাবনা পাঠানোর জন্য ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
৮ সদস্যের এই কমিটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে আহ্বায়ক এবং ডিএসসিসির অঞ্চল ৩ নির্বাহী প্রকৌশলীকে (পুর) সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লা সালেহীন অয়ন ও হাসিব আল ইসলাম, মুসলমান সম্প্রদায়ের সমাজ উন্নয়ন কমিটির সভাপতি, মিরনজল্লা-গণকটুলি স্টাফ কোয়ার্টার হরিজন সমাজ উন্নয়ন কমিটির সভাপতি এবং মিরনজল্লা-গণকটুলি স্টাফ কোয়ার্টার হরিজন সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক।
দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত এ কমিটি কাজের স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক সদস্য সংযুক্ত করতে পারবে। কমিটিকে জায়গা নির্ধারণ করে ফ্ল্যাট নির্মাণের বিষয়ে সুপারিশ, সুনির্দিষ্ট প্রস্তাবনাসহ ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।