বায়রার নির্বাচন অনুষ্ঠানে বাধা রইলো না

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা) কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। এর ফলে বায়রার নির্বাচন হতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি রিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ বিচারপতি এ আদেশ দেন।

আদালতে বায়রার কার্যনির্বাহী কমিটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল ও অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া।

পরে বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বায়রার সদস্যদের জন্য প্রশাসক কখনও কল্যাণকর ছিল না। সদস্যদের স্বার্থে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছিলাম। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় বায়রার নির্বাচন হতে বাধা নেই। আমরা যথাসময়ে নির্বাচন করতে বদ্ধপরিকর।

এরআগে গত ২৮ আগস্ট বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনি তফসিলের ওপর স্থগিতাদেশ দেন হাইকোর্ট। একজন ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। পরে এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে বায়রার কার্যনির্বাহী কমিটি।

প্রসঙ্গত, গত ২৫ জুন বায়রা কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।