প্রধান উপদেষ্টার তহবিলে সিএনজি মালিক সমিতির অর্থ সহায়তা

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (৯ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় ঘটে যাওয়া ভয়াবহ বন্যার কারণে দুর্গত মানুষের সহায়তা ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করা  অনুদান বাবদ ৫০ লাখ টাকা ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে’ জমা দেওয়া হয়। অনুদানের টাকা সমিতির মহাসচিব ফারহান নূরের কাছ থেকে প্রধান উপদেষ্টার পক্ষে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত  উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক অনুদান গ্রহণ করেন।

মহাসচিব ফারহান নূর বলেন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সিএনজি খাত নানান বৈষম্য-বঞ্চনার শিকার হলেও সংগঠনের প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি আমরা মানবতার সেবায় সাধ্যমতো শামিল হয়ে আসছি। সেইসঙ্গে দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ঘোষণা করছি, জাতীয় প্রয়োজনে মানবিকতার আহ্বানে আমরা সবসময়ই ছিলাম, আছি, থাকবো।’