লেফটেন্যান্ট জেনারেল মজিবুর বরখাস্ত ও সাইফুল বাধ্যতামূলক অবসরে

আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে ফোর্সেস ইন্টেলিজেন্স ডিরেক্টরেট জেনারেলের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মো. সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সেনা সদরের এক আদেশে তাদের দুজনকে বরখাস্ত ও অবসরে পাঠানো হয়েছে বলে সূত্র জানিয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান সেনা সদরে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক ছিলেন।

দেশে ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। সেখান থেকেই তাকে অবসরে পাঠানো হয়। তিনি ডিজিএফআইয়ের মহাপরিচালক ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।