ঢাকা মহানগরীর গণপরিবহনে সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহন নিশ্চিত করতে কাজ করছে বাস রুট রেশনালাইজেশন কমিটি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৮তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক ড. মহ. শের আলী।
ডিএসসিসি প্রশাসক বলেন, “আমরা আশা করি, ঢাকা মহানগরীতে যানবাহন পরিবহনে কোনও প্রকার সমস্যার সৃষ্টি হবে না। আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন ও নতুন প্রত্যাশার দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কোনও জায়গায় কোনও ধরনের বাসকে বিশেষ সুবিধা দিতে চাই না। আমরা সকলের জন্য সুশৃঙ্খলভাবে যাত্রী পরিবহনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি এবং সে লক্ষ্যে রেশনালাইজেশন কমিটি কাজ করছে।"
গণপরিবহনে শৃঙ্খলা আনতে বর্তমান বাস্তবতা ও আগামীদিনের উদ্যোগ জানিয়ে ড. মহ. শের আলী বলেন, "আমরা আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করে দেখেছি। তার মাঝে অনেকগুলো বাস্তবায়ন হয়েছে, কিছু সিদ্ধান্ত বাস্তবায়নাধীন আছে। তাছাড়াও আরও কী কী সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায় তা নিয়ে আলোচনা করা হয়েছে। সংশ্লিষ্ট সকলেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।"
বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য সচিব ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সঞ্চালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসান, বিআরটিসি'র চেয়ারম্যানের পক্ষে পরিচালক কর্নেল মো. মোবারক হোসেন মজুমদার, রাজউক চেয়ারম্যানের পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও ডিএমপি কমিশনারের পক্ষে যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ, বিআরটিএ'র চেয়ারম্যানের পক্ষে উপ-পরিচালক স্বদেশ কুমার দাস, উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা পরিবহন মালিক সমিতির সভাপতির পক্ষে জাহিদ আল লতিফ ও সাধারণ সম্পাদকর পক্ষে সৈয়দ রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।