মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান ৪৬ নাগরিকের

মাজারসহ ধর্মীয় স্থাপনার নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ৪৬ জন নাগরিক। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েকদিনে দেখা গেছে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে সংগঠিত হয়ে মাজারসহ আধ্যাত্মিক স্থাপনায় হামলা হচ্ছে। এর আগে আমরা দেখেছি মন্দিরে হামলা হতে। এসব কোনও ঘটনায় কাউকে বিচারের আওতায় আনতে বা মামলা করার খবরও পাওয়া যায়নি। মাজারে হামলার কোনও ঘটনায়ও আইনশৃঙ্খলা বাহিনীকে ভূমিকা পালন করতে দেখা যায়নি। তাদের এই নিষ্ক্রিয়তা সমাজের গভীরের ক্ষতকে বিস্তৃত করবে। বিভিন্ন সম্প্রদায়ের ভেতর বিভাজন আরও বাড়াবে। যা আগের মতো অগণতান্ত্রিক শক্তির হাতে বাংলাদেশকে ছেড়ে দেওয়ার ক্ষেত্র তৈরি করবে।’

বিবৃতিদাতারা জানান, আমরা মনে করি, সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্ব অটুট রাখতে মন্দির-মাজারসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলা বন্ধে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই সক্রিয় হতে হবে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়েরও এ ক্ষেত্রে নিশ্চুপ থাকার সুযোগ নেই বলে আমরা মনে করি।

বিবৃতিদাতার হলেন- অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাঈদ খান, কবি আব্দুল হাই শিকদার, কবি কাজল শাহনেওয়াজ, শিল্পী মুস্তাফা জামান, শিল্পী অরূপ রাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী, লেখক ও সম্পাদক রাখাল রাহা, কবি ও প্রাবন্ধিক আহমেদ স্বপন মাহমুদ, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠক বীথি ঘোষ, কবি ও অধিকারকর্মী ফেরদৌস আরা রুমী, লেখক ও রাজনীতিক কর্মী বাকী বিল্লাহ, প্রকাশক সাঈদ বারী, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, চলচ্চিত্রকর্মী রাফসান নাহমেদ, কবি সৈকত আমীন, প্রযুক্তি পরামর্শক সাদিক মোহাম্মদ আলম, নারী অধিকারকর্মী পূরবী তালুকদার, অ্যাক্টিভিস্ট মারজিয়া প্রভা, মানবাধিকারকর্মী মোশফেক আরা, উন্নয়নকর্মী কামরুজ্জামান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুস্মিতা চক্রবর্তী, অ্যাক্টিভিস্ট মোহাম্মদ রোমেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মাসুদ ইমরান মান্নু, কথাসাহিত্যিক মশিউল আলম, অভিনেতা ও নাট্য নির্দেশক দীপক সুমন, নৃবিজ্ঞানী সায়েমা খাতুন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক হেলাল মহিউদ্দীন, শিল্পী লতিফুল ইসলাম শিবলী, মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্র, সাংবাদিক মারুফ মল্লিক, কবি ও সম্পাদক সাখাওয়াত টিপু, লেখক ও অনুবাদক ওমর তারেক চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশরেকা অদিতি হক, কবি কাজী জেসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রায়হান রাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিএইচ হাবীব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শরৎ চৌধুরী, শিল্পী ও লেখক দেবাশীষ চক্রবর্তী, কবি ও চিন্তক তুহিন খান, কথাসাহিত্যিক মোহাম্মদ নাজিমউদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ-আল মামুন, শিল্পী অমল আকাশ, প্রকাশক মাহবুব রাহমান, কবি পলিয়ার ওয়াহিদ।