সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
আসামি পক্ষে সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সে আবেদন নামঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১০ সেপ্টেম্বর অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদাহ জেলা পুলিশ তাকে গ্রেফতার করেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানাধীন রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। ওই ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।