বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. ফজলু নামে এক গার্মেন্টস কর্মী গুলিতে নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের নামে মামলা করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ফজলুর স্ত্রী সুরাইয়া এই মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
অপর আসামিদের মধ্যে রয়েছেন শেখ রেহানা, আসাদুজ্জামান খান কামাল, কামাল আহমেদ মজুমদার, হাবিবুর রহমান, কামরুজ্জামানসহ প্রমুখ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামে ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মাজহারুল ইসলাম মারুফ এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ৫ আগস্ট সকাল ১০টার দিকে কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে আসামিদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়দন ফজলু। এরপর তাকে উদ্ধার করে মাক্স মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।