বিএসএমএমইউ’র শিক্ষক নিপুণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূরের আদালত এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব-ইন্সপেক্টর মাইনুল ইসলাম খান পুলক তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

নিপুণের পক্ষে অ্যাডভোকেট শারমিন জাহান রুপা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর থেকে হাসানুল হক নিপুণকে গ্রেফতার করে।

জানা যায়, গত ৪ আগস্ট বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। আগুন দেওয়া হয় গাড়িতে। ভাঙচুর চালানো হয়। এতে ১৩ কোটি ৫০ লাখ টাকার ক্ষতিসাধন হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।  ওই ঘটনায় এক আন্দোলনকারীর বাবা ইসমাইল হোসেন গত ১৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা দায়ের করেন।