ট্রাফিক পুলিশকে জখম: ২ আসামি রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আশ্রফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের অভিযোগের মামলায় দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন জাহিদ হাসান ও সুমন।

গত ১৮ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এরপর ১৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওইদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হয়। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। এরপর এক আসামি দাবি করেন ওই ঘটনার ভিডিও ফুটেজে তাকে দেখা যায়নি। পরে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে ২৪ সেপ্টেম্বর রিমান্ডের বিষয়ে শুনানির তারিখ ধার্য করেন। তদন্ত কর্মকর্তাকে ফুটেজ সরবরাহের নির্দেশ দেন আদালত।

এদিকে ফুটেজসহ আদালতে হাজির হয় মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই রিমান্ডের আদেশ দেন।

জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ী থানার জনপদ মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কনস্টেবল আশ্রফ আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটা অপারেশন করা হয়। এরপর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।