মহানবীকে (সা.)  নিয়ে কটূক্তির প্রতিবাদে তিন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ভারতের মহারাষ্ট্রের হিন্দু ধর্মপ্রচারক রামগীরি মহারাজ এবং বিজেপি’র বিধায়ক নিতেশ নারায়ন রানে ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৯ সেপ্টেম্বর)  সকাল ১১টায় ঢাকা কলেজ প্রথম বিক্ষোভ মিছিল বের করে। পরে ঢাকা সিটি কলেজ ও বিকালে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। তাদের মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ থেকে কাঁটাবন হয়ে তাদের কলেজের দিকে গিয়ে শেষ হয়।

তিন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ (ছবি: নাসিরুল ইসলাম)

মিছিল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘আমার নবী, তোমার নবী, বিশ্বনবী মোস্তফা’, ‘আপস না জিহাদ, জিহাদ! জিহাদ!’সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, মহানবীকে (সা.) নিয়ে ভারতের পুরোহিতের কটূক্তি ও বিজেপি নেতার এতে সমর্থন দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার জুমার পর দেশের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।