বৈষম্যবিরোধী আন্দোলনের চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত যুবক ইমন হোসেন গাজী নামের একজনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৭ দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো. মাহাবুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, মামলার সঙ্গে আসামির কোনও সংশ্লিষ্টতা নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী ‘স্বৈরাচারের দোসর’ হিসেবে আসামিকে তুলে ধরেন। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক আরিফুর রহমান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তিনি প্রায় দেড় দশক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বেও ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকার চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামের এক যুবক নিহত হন। এই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় ৮৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।