কর্মী সুরক্ষায় ওয়েজ আর্নার্স বোর্ড ও মালয়েশিয়ার পারকেসোর মধ্যে সমঝোতা স্বাক্ষর

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন সামাজিক সুরক্ষা সংস্থার (সকসো বা পারকেসো) সঙ্গে একটি সহযোগিতার স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ’৭১ হলে এই সহযোগিতার স্মারক স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা যখন বিদেশে থাকেন তখন তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন। প্রবাসীরা দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন কার্যক্রমে অগ্রণী পালন করে যাচ্ছেন। তাদের যথাযথ মূল্যায়ন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের কল্যাণমূলক সুরক্ষা নিশ্চিত করা আবশ্যক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ কাজটি নিরলসভাবে করে যাচ্ছে।

মন্ত্রণালয় জানায়, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে বৈধভাবে মালয়েশিয়া যাওয়া সব বাংলাদেশি কর্মীর মালয়েশিয়া গমনের পর ফরেইন ওয়ার্কার কম্পেনসেশন স্কিম (এফডব্লিউসিএস)-এর আওতায় আনার সিদ্ধান্ত হয়। বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে সামাজিক সুরক্ষা সংস্থা পারকেসোতে আবশ্যিকভাবে নিবন্ধিত হয়ে স্বাস্থ্য সুবিধা, স্থায়ী-অস্থায়ী প্রতিবন্ধিতার সুবিধা, নির্ভরশীলদের প্রতিবন্ধী সুবিধা, অন্ত্যেষ্টিক্রিয়া সুবিধা, প্রতিনিয়ত উপস্থিতি ভাতা, পুনর্বাসন সুবিধা পাবেন। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণে মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন পারকেসোর সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মধ্যে সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন। চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হামিদুর রহমান এবং মালয়েশিয়ার পারকেসো’র গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার দাতো শ্রী ড. মোহাম্মদ আজমান বিন আজিজ। স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার ও ওয়েলফেয়ার) শাহ মোহাম্মদ তানভীর মনসুরসহ মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।