রাজনৈতিক ও ব্যবসায়িক কোন্দলের জেরে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিমানবন্দর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. জাকির হোসেন। তিনি রাজধানীর কাওলার বাসিন্দা ও ব্যবসায়ী। একইসঙ্গে যুবদল কর্মী হান্নানের বিরুদ্ধে একই মামলা দেওয়ার অভিযোগ উঠেছে। তাদের দাবি, বিগত সরকারের সময় যথাক্রমে ১৩ ও ১১টি রাজনৈতিক মামলার আসামি ছিলেন তারা, এখন আবার নতুন করে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি করা হয়েছে তাদের।
রবিবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির হোসেন বলেন, আমি স্বৈরাচার হাসিনা সরকারের আমলে বিএনপির রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। প্রায় ৭৫ দিন কারাগারে থেকেছি। বিমানবন্দর থানা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে এ জেল-জুলুম ও মামলার শিকার হই। রাজনীতি করতে গিয়ে এত ত্যাগ-তিতিক্ষার পরেও সম্প্রতি একটি চক্র আমাকে এবং যুবদলের কর্মী আব্দুল হান্নানকে নিয়ে কুৎসা রটাচ্ছে। আমাকে অনুপ্রবেশকারী বানাচ্ছে।
তিনি বলেন, ২০১৯ সালে কারাগার থেকে বের হওয়ার পর পুলিশ ও তৎকালীন সরকারদলীয় লোকজন আমাকে নানান হয়রানি করেছে। গ্রেফতার এড়াতে আমাকে আত্মগোপনে থাকতে হয়েছে। এই সময়গুলোয় ব্যবসা প্রতিষ্ঠান, পরিবার সব কিছু থেকে দূরে থেকেছি। জেল থেকে বেরিয়ে কয়েক বছর প্রকাশ্য রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ব্যবসায় মনোযোগী হই। সে সময় স্থানীয় কাউন্সিলর আমাকে জিম্মি করে অনেক কিছুই করে যেগুলোয় আমার বিন্দুমাত্র সায় ছিল না।
তিনি আরও বলেন, মূলত, রাজনৈতিক ও ব্যবসায়িক কোন্দলের কারণে একটি কুচক্রি মহল আমার এবং আমার রাজনৈতিককর্মী হান্নানের বিরুদ্ধে এই ধরণের কুৎসা রটিয়ে রাজনৈতিকভাবে আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে।