রাজধানীর এলিফ্যান্ট রোডে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ফুয়াদ মৃধা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
মৃতের স্বজন মো. মাসুম বলেন, ফুয়াদ পেশায় ড্রাইভার। সে আল নূর চক্ষু হাসপাতালে কাজ করতেন। গতকাল রাত আনুমানিক ৯টার দিকে তার অফিস মোহাম্মদপুরে ডিউটি শেষ করে নিজের মোটরসাইকেল নিয়ে কাজলায় ভাড়া বাসায় ফিরছিলেন। পথে এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান সেন্টারের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ফুয়াদ গুরুতর আহত হন।
পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মৃত ফুয়াদ ভোলা লালমোহন উপজেলার চরগোতা আনন্দবাজার গ্রামের বিল্লাল মৃধার ছেলে। বর্তমান কাজলা স্কুল গলি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন। আড়াই বছর বয়সী এক ছেলের জনক তিনি।