রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা পেট্রোলবোমা সদৃশ একটি বোতল ছুড়ে মারে, তবে সেটি বিস্ফোরিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পাঁচ জন আহত হন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ডিএমপির কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলো, আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিডফোর্ট) হাসপাতাল পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আটক তিন জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে, আসলে ঘটনা কী। তবে আটক তিন জনের হাতে কাচি-ছুরি পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।