দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কারে পরামর্শ আহ্বান করেছে দুদক সংস্কার কমিশন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এই কমিশন আগ্রহী সবার কাছ থেকে অভিজ্ঞতালব্ধ সুনির্দিষ্ট পরামর্শ জানতে চায়।
দুদক সংস্কারে করণীয় বিষয়ে পরামর্শ এই ঠিকানায় acc.rc2024@gmail.com ৩০ অক্টোবরের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হয়েছেন ড. ইফতেখারুজ্জামান; বদিউল আলম মজুমদারকে প্রধান করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হয়েছে; পুলিশ সংস্কার কমিশনের প্রধান হয়েছেন সফর রাজ হোসেন; বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হয়েছেন বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান; জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হচ্ছে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।
এই অক্টোবরেই কাজ শুরু করছে এসব কমিশন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে।