শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ হত্যা মামলায় ডিবি পুলিশের সাবেক এডিসি (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক রুবেল মল্লিক আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। রাষ্টপক্ষে রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ঢাকার বেইলী রোড এলাকা থেকে শাহেন শাহকে গ্রেফতার ডিবি পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১)। এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২৩ জনকে আসামি করা হয়।