ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ৪টি ওয়াটার রেসকিউ বোট দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার ( ২২ অক্টোবর) বিকালে বোট নির্মাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফাইবার গ্লাস (বোট ইয়ার্ড), বন্দর, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত “হ্যান্ডওভার শিরোমণি অব ফোর সার্চ অ্যান্ড রেসকিউ ইক্যুইপমেন্ট (রেসকিউ বোট)” অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
মঙ্গলবার ( ২২ অক্টোবর) বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সহকারী পরিচালক (অপারেশন) ফরিদ আহাম্মদ চৌধুরী, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের জোন কমান্ডার ফখর উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কারিগরি কারখানার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোতাহার হোসেন ও ডিএনসিসির আরবান রেজিয়েলেন্স প্রজেক্ট (ইউআরপি)-এর পক্ষে প্রকল্প পরিচালক আরিফুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে ৪টি ওয়াটার রেসকিউ বোট ও আনুষঙ্গিক সরঞ্জাম, যা নদীপথে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধি করবে।