রাজধানীর পল্টন থানায় বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কুদরত এ ইলাহী এই রায় দেন।
অব্যাহতিপ্রাপ্ত উল্লেখযোগ আসামিরা হলেন–– বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, জয়নুল আবেদীন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল ইসলাম নীরব, রাজীব আহসান ও ডা. জেড এম জাহিদ হোসেন।
মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার ১৫ নম্বর বিশেষ ট্রাইবুনালে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনও উপাদান না থাকায় মামলায় দায় থেকে তাদের অব্যাহতি দেন বিচারক।
উল্লেখ্য, মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৫ জানুয়ারি দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করেন। এক পর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোড়েন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরের দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পেট্রোলবোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার পুলিশ (উপপরিদর্শক) মোস্তাক আহম্মেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২৫ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।