অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৪ এর একটি খসড়া প্রস্তুত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বিগত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণ প্রদান করেন। এসময় তিনি দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরেন, যাতে অন্যান্য বিষয়ের সঙ্গে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়নের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে সুপ্রিম কোর্ট থেকে একটি বদলি ও পদায়ন নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন।
তারই ধারাবাহিকতায় প্রধান বিচারপতির দিক-নির্দেশনা অনুসারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির উদ্যোগে অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদায়ন নীতিমালা, ২০২৪ এর একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে কর্মরত বিচারকদের মতামত সংগ্রহের জন্য আজ রবিবার (৩ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব আদালতে পাঠানো হয়।
খসড়া নীতিমালা সম্পর্কে অধস্তন আদালতের বিচারকদের মতামত লিখিত আকারে আগামী ৭ নভেম্বরের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দফতর বা নির্ধারিত ই-মেইল (aticklaw@gmail.com) বা হোয়াটঅ্যাপ নম্বরে (০১৭১৬১৮৫৫৮৩) পাঠাতে বলা হয়েছে চিঠিতে।