বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের করা আবেদনের ওপর আগামীকাল মঙ্গলবার (১২ নভেম্বর) আদেশের দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আবেদনের শুনানি শেষে সোমবার (১১ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান। বেক্সিমকোর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আর বাংলাদেশ ব্যংকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান।
এর আগে বিগত ২৫ বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডসহ সংশ্লিষ্ট গ্রুপের অন্য সব ব্যবসার ঋণের বিষয়ে তথ্য সরবরাহ করাসহ কয়েকটি বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাসুদ আর সোবহান আবেদনকারী হয়ে গত ৪ সেপ্টেম্বর রিট দায়ের করেন। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
বেক্সিমকো গ্রুপ অব কোম্পানিজের অন্য সব ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কী পরিমাণ ঋণ অপরিশোধিত আছে, ঋণের বর্তমান অবস্থা ও পরিশোধের তথ্য দিতে এবং বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সে সব সম্পদের ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ বিষয়ে রুলসহ আদেশ দেওয়া হয়। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
এরপর গত ৫ সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে তা ব্যবস্থাপনায় ছয় মাসের জন্য একজন রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বেক্সিমকো গ্রুপে ‘রিসিভার’ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিনকে রিসিভার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
পোশাক রফতানি ও ওষুধ উৎপাদনে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর একটি বেক্সিমকো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এখন কারাবন্দি।
আরও পড়ুন- বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ