রাজধানীর গুলশানে ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) অভিযান চালিয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) ভোরে গুলশানের ‘কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড’ নামে একটি হোটেলে এই অভিযান চালানো হয়। গ্রেফতার দুজন তারা হলেন– মো. কামাল উদ্দিন (৪৮) ও মো. আরিফুল ইসলাম (৩২)। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ১১ বোতল বিদেশি মদ ও ১৭ ক্যান বিয়ার জব্দ করা হয়।
এসব তথ্য জানিয়েছেন ডিএনসির ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহমেদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে গুলশান কোয়ালিটি ইন প্রাইভেট লিমিটেড নামের একটি হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে বিদেশি মদ ও বিয়ারসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে ডিএনসির এই কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি আবাসিক হোটেলে ডিজে পার্টির আয়োজন করে আসছিল। অভিজাত শ্রেণির যুবক-যুবতিরা এতে অংশগ্রহণ করে এবং তাদেরন মাঝে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সরবরাহ করা হতো।