সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ছুটিতে পাঠানো ১২ বিচারপতিকে তদন্ত সাপেক্ষে বিচারকার্যে অংশগ্রহণের জন্য বেঞ্চ দিতে আইন মন্ত্রণালয়ে আবেদন করেছেন এক আইনজীবী। বুধবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মনির উদ্দিন এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ১৭ অক্টোবর বিভিন্ন পত্রিকার মাধ্যমে জানতে পারি, হাইকোর্টের ১২ জন বিচারক বেঞ্চ পাচ্ছেন না। ২০ অক্টোবর দৈনিককার্য তালিকায় ১২ জন বিচারপতিকে বিচারকার্য পরিচালনার জন্য কোনও বেঞ্চ দেওয়া হয় নাই। যেসব বিচারপতিকে বেঞ্চ দেওয়া হয় নাই, তাদের মধ্যে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত বিচারপতিও রয়েছেন। স্কাইপি কেলেঙ্কারি এবং কোটার জাজমেন্ট সম্পর্ককে যতটুকু জানতে পেরেছি, তাতে বিচারপতিরা কোনও অপকর্মে জড়িত ছিলেন না। তাদের দিয়ে ফ্যাসিস্ট সরকার শপথ ভঙ্গ করিয়েছে এবং দলীয় প্রভাব খাটিয়ে বিতর্কিত করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যুদ্ধাপরাধ মামলার এবং কোটার জাজমেন্ট যথাক্রমে বিদেশে বসে এবং গুলিস্তানে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে লেখা হয়েছে। পরে বিচারপতিদের দিয়ে আদালতের মাধ্যমে ঘোষণা করানো হয়। তাদের দিয়ে জোরপূর্বক শপথ ভঙ্গ করানো হয়েছে।
বিচারক সংকটে বিচার ব্যবস্থা প্রায় স্থবির হয়ে আছে। এখন যদি বিচারপতিদের ছুটিতে বসিয়ে রাখা হয়, তাহলে বিচার ব্যবস্থা আরও স্থবির হয়ে পড়বে এবং রাষ্ট্রের অর্থের অপচয় হবে। অতএব ১২ বিচারপতিকে বেঞ্চ দিয়ে বিচারকার্য ত্বরান্বিত করতে অনুরোধ জানানো হলো।
আরও পড়ুন...