রাজধানীর আইডিয়াল কলেজের সামনে থেকে চুরি যাওয়া মোটরসাইকেল নাটোর থেকে উদ্ধার করেছে নিউমার্কেট থানা পুলিশ। এ সময় মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ তথ্য জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে নাটোর জেলার বড়াই গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. আল ইমরান (২৪) ও মো. তানিম আহম্মেদ (২৫)।
তিনি জানান, গত (৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিউমার্কেট থানার আইডিয়াল কলেজের সামনে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মো. আতিকুর রহমানের নামে এক ব্যক্তি বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর ছেলে মো. আশফিকুর রহমান নাবিল একটি মোটরসাইকেল বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পোস্ট দেখে মোটরসাইকেলটি কিনতে নাবিলের সঙ্গে যোগাযোগ করেন আসামি মো. আল ইমরান। তখন ইমরান মোটরসাইকেলটি চালিয়ে দেখতে চায়। চালানোর কথা বলে কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছে।