সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের নিন্দা

কোনও কারণ না দেখিয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিদেশি গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্ল্যাটফর্ম ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওসিএবি)।

সোমবার (১৮ নভেম্বর) সংগঠনের সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জুলহাস আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়।

ওসিএবি অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং তাদের সংগঠনের সিনিয়র সদস্যসহ ১৬৭ জন সাংবাদিককে অ্যাক্রিডিটেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনটি মনে করে যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ জাতীয় পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া সংগঠনটি অ্যাক্রেডিটেশন বাতিলের এ ধরনের পরিকল্পনার আওতায় আরও সাংবাদিকদের আনার জন্য সরকারের পরবর্তী কোনও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকা উচিত বলে মনে করে।

বিবৃতিতে ওসিএবি সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা বা হত্যাচেষ্টার 'মনগড়া' অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গণমাধ্যমের স্বাধীনতা এবং ভীতিমুক্ত পরিবেশ সমুন্নত রাখার অঙ্গীকারের সম্পূর্ণ বিপরীত।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমকে স্তব্ধ করার যেকোনও প্রচেষ্টা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি, যা শেষ পর্যন্ত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের আকাঙ্ক্ষাকে লাইনচ্যুত করবে।

এতে আরও বলা হয়, গত শনিবার ওসিএবির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে বলা হয়, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিজেএ), রিপোর্টার্স উইদাউট বর্ডারসের মতো বৈশ্বিক গণমাধ্যম অধিকার গ্রুপগুলোর আহ্বানের আলোকে ও ঢাকাস্থ সম্পাদক পরিষদসহ অন্যান্য সাংবাদিক ইউনিয়নের আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই সাংবাদিকদের বিরুদ্ধে সব ধরণের হয়রানি বন্ধ করতে হবে।

অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে সবকিছু করবে বলে আশা প্রকাশ করা হয়।

সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়ে ওসিএবি আশা প্রকাশ করে যে গণমাধ্যমের মুখ বন্ধ করার আগের কোনও প্যাটার্নের পুনরাবৃত্তি অন্তর্বর্তীকালীন সরকার করবে না।