কারামুক্তি আটকে গেলো সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসানের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আসামিপক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। সুপ্রিম কোর্ট বারের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভেকেট গাজী কামরুল ইসলাম সজল।

এর আগে গত ১৯ নভেম্বর হত্যার অভিযোগে দায়ের করা মামলা সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। তার আবেদনের শুনানি নিয়ে ১৯ নভেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সেদিনও আদালতে আসামিপক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান প্রিন্স ও নাজমুস সাকিব।  

পরে জেড আই খান পান্না বলেন, মেহেদী হাসানের বিরুদ্ধে আর কোনও মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই। তিনি এখন কেরানীগঞ্জ কারাগারে আছেন।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী।  

গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মো. মেহেদী হাসান।