রাজধানীর কাওরান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে থেকে আটক পাঁচজন আন্দোলনকারীকে জিম্মানামা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে আবু জাঈদ জীবন নামে এক ব্যক্তির জিম্মায় তাদের ছেড়ে দেয় তেজগাঁও থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা।
তিনি জানান, সকাল থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল আটককৃতদের ছাড়িয়ে নিতে থানার সামনে অবস্থান করে। পরে কমিশনার স্যারের নির্দেশে পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) স্যার প্রতিনিধি দলের একজনের জিম্মায় তাদের ছেড়ে দেন।
আটক ছাত্ররা হলেন- শাহ্ ইরাশফিক ভূঁইয়া (৩১), সাফায়েত উল্লাহ মিজান (২১), মো. ইউসুফ (৩০), দেওয়ান মো. শফিকুল ইসলাম (৩৭), ও মো. পারভেজ (২৭)।
এরআগে আটককৃতদের ছাড়াতে সকাল থেকে তেজগাঁও থানার সামনে কয়েকশো আন্দোলনকারী বিক্ষোভ করে। পরে তারা প্রায় চার ঘণ্টা থানার গেট অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় আন্দোলনকারীরা জানান, আটককৃতদের না ছাড়া পর্যন্ত তারা থানা থেকে কাউকে বের হতে বা ঢুকতে দিবে না। পরে বিকাল সোয়া তিনটার দিকে আটকদের ছেড়ে দেওয়া হয়।
এরআগে গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকাল থেকে কাওরান বাজারে প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে ‘ভারতীয় আগ্রাসন প্রতিরোধে প্রথম আলো ও ডেইলি স্টারের জিয়াফত, প্রথম গরু জবেহ’ কর্মসূচি পালন করেন ‘বাংলাদেশ জনগণ’ ব্যানারে কিছু মানুষ। এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সন্ধ্যায় আন্দোলনকারীদের চলে যেতে বললে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। এসময় পাঁচজন আন্দোলনকারীকে আটক করা হয়।