বিএনপির নেতাকর্মীদের ওপরে হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মারুফ হোসেন রাজিককে (৩৭) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজিব খিলগাঁও মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তথ্য জানান, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, ২০১৮ সালের ১৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলের নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনি গণসংযোগ ও নির্বাচনি প্রচারণা চালানোর ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করেন। হামলায় বিএনপির অনেক নেতা-কর্মী আহত হন। এ ছাড়াও হামলার সময় ককটেল বিস্ফোরণে বিএনপির নেতা-কর্মী আহত হন। এঘটনায় গত ২৬ আগস্ট মো. আওলাদ হোসেন বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত আসামি রাজিবকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার গ্রেফতার রাজিবকে আদালতে পাঠানো হয়েছে।