সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ আবারও রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান ইমরান হত্যা মামলায় সাবেক হুইপ আ স ম ফিরোজের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৭ নভেম্বর) কারাগার থেকে ফিরোজকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন ফিরোজের আইনজীবী। অন্যদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানী ভাটারা থানা এলাকায় সোহাগ মিয়া নামে এক কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে গত ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে ফিরোজকে গ্রেফতার করে পুলিশ। ২৪ আগস্ট ওই মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  এরপর আরেক মামলায়  তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। 

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কের কুতুবখালী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন সাইদুর রহমান ইমরান। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ মুন্নাসহ অন্য আসামিরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেন। তখন সাইদুরের গলায় গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৮ অক্টোবর নিহতের মা লাভলী বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।