রাজধানীর কদমতলী থানার জুরাইন পোস্তগোলা এলাকায় মো. রবি উল্লাহ রবি (৪৫) নামের এক ব্যবসায়ীর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, ঋণের বোঝা ও পাওনাদের চাপ সইতে না পেরে হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন ওই ব্যবসায়ী।
ডিএমপির কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পেয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই বলেন, যতটুকু জানতে পেরেছি, রবি উল্লাহ একজন ব্যাবসায়ী ছিলেন। থাকতেন শ্যামপুর পোস্তগোলা এলাকায়। তার বাবার নাম আহসানুল্লাহ। বিভিন্ন সময়ে ব্যবসায় লোকসান করে, ঋণ করে ফেলেছিলেন প্রায় দুই কোটি টাকা। পাওনাদাররা বিভিন্ন সময়ে তাকে পাওনা টাকার জন্য অপমান অপদস্ত করতেন। মারধরও করতে চাইতেন। যার কারণে তিনি অন্যত্র পালিয়ে থাকতেন। এসব ঘিরে পরিবারের লোকজনদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
পরে পোস্তগোলা এলাকায় হাজী মুসলেউদ্দিন মাদ্রাসার পাশে তারই এক দুঃসম্পর্কের আত্মীয় মনির হোসেনের একটি রুমে আশ্রয় দেন।
দেড় মাস যাবত তিনি সেখানেই ছিলেন। রবিবার সেই রুমে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। তার পকেটে একটি চিরকূট পাওয়া গেছে।
এসআই রুহুল আমিন বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। তার নিকটতম স্বজনদের খোঁজ করছি। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি ঋণের টাকা, পাওনাদারদের চাপ , পারিবারিক সম্পর্কের অবনতি সবমিলিয়ে হতাশা থেকে আত্মহত্যা করেছেন বলে আমাদের ধারণা। এ ছাড়াও অন্য কোনও কারণে রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আর নিশ্চিত হওয়া যাবে।