রাজধানীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ছয়জন গ্রেফতার

রাজধানীর উত্তরায় অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে উত্তরার গাউসুল আজম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-১।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

জব্দ করা মাদকদ্রব্যতিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরা পশ্চিম থানাধীন গাউসুল আজম এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য গুদামজাত করে বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ ও বিয়ারসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, উদ্ধার করা বিদেশি মদ ও বিয়ারের সর্বমোট পরিমাণ তিন হাজার বোতল/ক্যান (১৫৫৮.৮০ লিটার)। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বিক্রির তিন লাখ বিশ হাজার দুইশত পঁচাত্তর টাকা জব্দ করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান।