রাজধানীর বংশালের আল জামিয়া মদিনাতুল উলুম ফোরকানীয়া মাদ্রাসা বিরিয়ানি খেয়ে শিক্ষক, শিক্ষার্থী, স্টাফসহ অর্ধশতাধিক অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
শিক্ষার্থী রাকিবুল ইসলাম হাইদারী ও মো. আবু জাফর জানান, গতকাল (শুক্রবার) তাদের মাদ্রাসায় বাহির থেকে খাবার দিয়ে যায়। সেই খাবার খেয়ে শিক্ষার্থী, শিক্ষক, স্টাফসহ সকলে অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেরই পেটে ব্যথা দেখা দেয়। পরবর্তী সময়ে পাতলা পায়খানা ও বমি হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, অসুস্থদেরকে জরুরি বিভাগে নিয়ে আসলে মেডিসিন বিভাগে পাঠানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন।
মাদ্রাসাটির প্রিন্সিপাল মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসায় শিক্ষক, শিক্ষার্থী স্টাফসহ প্রায় ১৭০ জন লোকবল রয়েছেন। মাদ্রাসায় মাঝেমধ্যে অনেকেই খবার দিয়ে থাকেন। গতকাল (শুক্রবার) দুপুরে জনৈক ব্যক্তি গরুর বিরিয়ানি দিয়ে গিয়েছিলেন। দুপুরে মাদ্রাসায় মুরগির বিরানি থাকায় বাহির থেকে দেওয়া গরুর বিরানি রাতে খেয়েছিল।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে এক চিকিৎসক বলেন, খাবার খেয়ে ফুড পয়জনিং হয়ে এ অবস্থা হতে পারে।