মিরপুর ১১ মেট্রোরেল স্টেশনে একক যাত্রার টিকিটের সংকট দেখা দিয়েছে। ফলে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানান স্টেশনে দায়িত্বরত কয়েকজন কর্মী।
সরেজমিন ঘুরে দেখা যায়, একক যাত্রার টিকিট না থাকায় স্টেশনে উঠার গেট থেকেই যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে। কেবলমাত্র যেসব যাত্রীর এমআরটি পাস বা র্যাপিড পাস রয়েছে তারাই ভেতরে প্রবেশ করতে পারছেন।
খোঁজ নিয়ে জানা যায়, একক যাত্রার টিকিট সংকট পড়েছে মিরপুর ১০সহ আরও কয়েকটি স্টেশনে। এর মধ্যে মিরপুর ১১ স্টেশনে একক যাত্রার টিকিট পুরোপুরি বন্ধ। মিরপুর ১০ স্টেশনে কিছু সময় বন্ধ থাকলেও আবার চালু করা হয়। তবে স্বয়ংক্রিয় টিকিট মেশিনে টিকিট না থাকায় কাউন্টারে দাঁড়িয়ে টিকিট নিতে সময় লাগছে।
স্টেশনকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্টেশন থেকে বের হওয়া যাত্রীরা যে টিকিট জমা দিচ্ছেন তার চেয়ে বেশি যাত্রী স্টেশনে উঠার জন্য অপেক্ষা করছেন। ফলে টিকিট কিছু জমা পড়লেও তা যথেষ্ট নয়। বারবার টিকিট ভেন্ডর মেশিন খোলা সময় সাপেক্ষ, পর্যাপ্ত টিকিট জমা না পড়লে সেখানে টিকিট রাখা যায় না। আবার রাখলেও মুহূর্তেই শেষ হয়ে যায়। তাই কাউন্টারে কিছু একক যাত্রার টিকিট জমা দেওয়া হলে সেখান থেকে যাত্রীরা নিচ্ছেন। কিন্তু যাত্রী বেশি হওয়ায় সংকট তৈরি হচ্ছে। তাই যাদের পাস নেই তাদের নিচ থেকেই উঠতে অনুৎসাহিত করছি। কারণ তাদের এসে অপেক্ষা করতে হবে, তার চেয়ে বিকল্প ব্যবস্থা নিলে ভালো হবে।