ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক চিফ ইরিক গীলেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। সৌজন্য সাক্ষাতের বিষয়ে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও মার্কিন দূতাবাসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ করা, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধি, সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতা প্রদান করার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ডানিয়াল ব্লাকমোর, পলিটিক্যাল অফিসার হার্মানসক্রি বার্নার্ড, ডিপার্টমেন্ট অব জাস্টিসের প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির এবং নাবিল মাহমুদ উপস্থিত ছিলেন।