ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে নতুন একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালতের রায় পাওয়ার এক মাসের মধ্যে তাদেরকে প্রতীকসহ নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

পার্টির চেয়ারম্যানের রিটে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী ইমরুল কায়েস রানা। 

এর আগে ২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে বিডিপি পার্টির জেনারেল সেক্রেটারি মো. কাজী নিজামুল হকের সই করা আবেদনপত্র জমা দেওয়া হয়। তখন তাদের বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। 

ওই সময় দলটির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। ২০২৩ সালের ১০ এপ্রিল নির্বাচন কমিশন নিবন্ধন না দিয়ে তাদের আবেদন বাতিল করে। পরে ২০২৩ সালের ২৫ মে দলটির চেয়ারম্যান হাইকোর্টে রিট করেন। সেই রিটে ২৩ জুন হাইকোর্ট রুল জারি করেন। সেই রুলের ওপর রায় দিলেন হাইকোর্ট।