পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকরা সর্বনিম্ন ৫০ হাজার টাকা ভাতার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় যথাযথ মূল্যায়নের দাবিতে ঢাকা মেডিক্যাল থেকে মশাল মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সংগঠন।
তারা জানান, বিগত ২ বছর ধরে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক তাদের ভাতা বাড়ানোর দাবি করে আসলেও মেলেনি সুরাহা। তাদের দাবি সর্বনিম্ন ৫০ হাজার টাকা ভাতার দাবি থাকলেও দেওয়া হচ্ছে ২৫ হাজার টাকা। স্বাস্থ্য অধিদফতরের সম্মতি মিললেও অজ্ঞাত কারণে ফাইল আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ডাক্তারদের শ্রম আইন ৪৮ ঘণ্টা থাকলেও সংকটপূর্ণ সময়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডাক্তাররা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে সপ্তাহিক ৭০ ঘণ্টা করে সেবা দিয়ে যাচ্ছেন। তবুও পাচ্ছেন না যথাযথ মূল্যায়ন। এরই প্রেক্ষিতে রবিবার সব হাসপাতালে স্মারকলিপি দেওয়া হবে। মঙ্গলবারের মধ্যে দাবি পূরণ না হলে দেশের সব ডাক্তারদের ঢাকায় আসার আহ্বান এবং কঠোর অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান।