চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার পেলেন ৪ গুণীজন

এবার ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪’ পেয়েছেন চার জন। প্রবন্ধে রকিবুল হাসান, কথাসাহিত্যে আকিমুন রহমান, কবিতায় আকতার হোসাইন ও ছোটকাগজ সম্পাদনায় ‘জলধি’ সম্পাদক নাহিদা আশরাফীকে এ পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ধানমন্ডির অবসর ভবনে যুক্ত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কথাশিল্পী রফিকুর রশীদ, সভাপতি মাহমুদ কামাল।

কথাশিল্পী মনি হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনারগাঁ ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. একরামুল ইসলাম, প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান ড. আব্দুল আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন কথাশিল্পী-গবেষক ও চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার-২০২৪ কমিটির আহ্বায়ক কবীর আলমগীর।

পুরস্কারের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় গ্রহণ শেষে প্রতিক্রিয়া জানান লেখক-সম্পাদকরা। চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার তাদের কাজের প্রতি চিন্তাসূত্রের ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মনে করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক দিলারা মেসবাহ, তাহমিনা কোরায়শী, হোসেন শহীদ মজনু, শেখ ফিরোজ আহমেদ বাবু প্রমুখ।

প্রাইম ইউনিভার্সিটির বাংলা বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান জয়ের উপস্থাপনায় অনুষ্ঠানে কবিতা পাঠ করে কবি জামসেদ ওয়াজেদ, আজাদ কামাল, আহমেদ শিপলু, রজত সিকস্তি, সালাহ উদ্দিন মাহমুদ, খাদিজা খানম অন্তরা,  আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহাদিয়া আক্তার রিয়া ও মোশাররফ হোসেন।

শিল্প-সাহিত্য-সংস্কৃতির ওয়েবম্যাগ চিন্তাসূত্র ২০২১ সালে প্রবর্তন করে ‘চিন্তাসূত্র সাহিত্য পুরস্কার’।