আবাসিক হোটেলে যুবকের আত্মহত্যা, প্রেমিকা গ্রেফতার

রাজধানীর মালিবাগের আর ইসলাম নামে একটি আবাসিক হোটেল থেকে মো. আরাফাত ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন রামপুরা থানা পুলিশ। এ ঘটনার নিহত যুবকের প্রেমিকা মীমকে (২০) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সকালে মালিবাগ চৌধুরীপাড়া আর ইসলাম আবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, হোটেলের ওই কক্ষে আরাফাত ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার নিহত যুবকের প্রেমিকা মীমকে গ্রেফতার করা হয়েছে।

এসব তথ্য জানিয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে ৪৭৫/সি মালিবাগ চৌধুরীপাড়া আবাসিক হোটেলের পঞ্চম তলার ৪১১ নম্বর কক্ষে দরজা ভেঙে দেখতে পাই, বিছানার চাদর দিয়ে ছাদের নিচের অংশে রডের অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়‌। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, গত ১৮ ডিসেম্বর স্বর্ণা বিনতে মিম (২০) নামে একটি নারীকে সঙ্গে নিয়ে ওই হোটেলে উঠেছিল নিহত আরাফাত। ঘটনার সময় ওই নারী কক্ষের বাইরে ছিলেন। প্রেমসংক্রান্ত বিষয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় মিম গ্রেফতার আছে। তদন্ত সাপেক্ষ ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত আরাফাত মাদারীপুর জেলার শিবচর উপজেলার যাদুরচর গ্রামের জয়নাল মুন্সির ছেলে। বর্তমান খিলগাঁও দক্ষিণ গোড়ান ছাপড়া মসজিদের পাশে থাকতেন।