বায়ুদূষণ রোধে সড়কে পানি ছিটাচ্ছে ডিএসসিসি

রাস্তাঘাটে ধুলা-বালি নিরসন এবং বায়ুদূষণ রোধে গাড়ি দিয়ে পানি ছিটাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিদিন সকাল ৬ টা থেকে ১০টা এবং বিকাল ৩টা হতে ৬টা পর্যন্ত নিজস্ব গাড়ির মাধ্যমে দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তাগুলোতে পানি ছিটানোর কার্যক্রম চলমান আছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা জোবায়ের হোসেন জানান, রাস্তাঘাটে ধুলাবালি নিরসনে দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ১ ডিসেম্বর থেকে পানি ছিটানোর কার্যক্রম চলছে।

নগরভবন সূত্রে জানা যায়, আব্দুল গনি রোড (সচিবালয় রাস্তা), কলেজ রোড, নগর ভবনের সামনে রাস্তা, কাকরাইল মসজিদ থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত, হেয়ার রোড, বেইলি রোড, মিন্টু রোড (রাস্তার উভায় পাশে), হোটেল ইন্টারকনটিনেন্টাল হতে বাংলামোটর, দোয়েল চত্বর হতে শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন হতে টিএসসি,, নীলক্ষেত, ঢাকা কলেজের সামনের রাস্তা, জিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে নিউ মডেল ডিগ্রি কলেজ পর্যন্ত (রাস্তার উভয় পাশে) প্রতিদিন পানি ছিটানো হচ্ছে।

এছাড়া কমলাপুর স্টেডিয়াম হতে খিলগাঁও ফ্লাইওভার, নটরডেম কলেজ হতে ইত্তেফাক মোড়, শাহজাহানপুর মোড় হতে ফকিরাপুল হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল (রাস্তার উভয় পাশে), মতিঝিল শাপলা চত্বর হতে পল্টন মোড় হয়ে গুলিস্তান  জিরো পয়েন্ট হয়ে বঙ্গভবনে পর্যন্ত, মালিবাগ মোড় হয়ে শান্তিনগর হয়ে বিজয় নগর হয়ে পল্টন মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে), ফুলবাড়িয়া হয়ে নর্থ সাউথ রোড ও তাঁতী বাজার এবং বাবুবাজার ব্রিজ হয়ে কোর্ট কাচারীসহ বাহাদুর সাহা পার্ক পর্যন্ত (রাস্তার উভয় পাশে), কমলাপুর স্টেডিয়াম হতে গোলাপবাগ, ধলপুর, সায়দাবাদ জনপথ মোড়, যাত্রাবাড়ী, জুরাইন হয়ে পোস্ত খোলা মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে) প্রতিনিয়ত পানি ছিটানো হচ্ছে।