ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৬৭৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অভিযানে ২ হাজার ৬৭৮টি মামলা দেওয়া হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, ‘ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ও শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে ২ হাজার ৬৭৮টি মামলা দেওয়া হয়। এছাড়া অভিযানকালে ৭৭টি গাড়ি ডাম্পিং ও ৯৪টি গাড়ি রেকার করা হয়।’